প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

চান্দিনায় বাসে তল্লাশিতে বিদেশি পিস্তলসহ দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশির সময় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুইজনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।

 

আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর থানার লক্ষণখোলা এলাকার মো. গোলজার হোসেনের ছেলে মো. চিশতী (৪২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে অস্ত্র এনে ঢাকায় পাচার করছিল তারা। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুহুল আমিন জানান, “আটককৃতরা অস্ত্র কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

ঘটনার গুরুত্ব বিবেচনায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রিন্ট করুন