প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

মনোমোহন দত্তের জন্মোৎসবে দেশ বিদেশের ভক্তদের মিলনমেলা

সঞ্জয় শীল :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাতমোড়া গ্রামে সাধক কবি মনোমোহন দত্তের ১৪৮তম জন্মোৎসব পালিত হচ্ছে দুই দিনব্যাপী আয়োজনে। জন্মভিটের আনন্দ আশ্রমে গতকাল থেকে শুরু হওয়া এই উৎসব আজও চলছে। প্রতি বছরের মতো বাংলার ১০ ও ১১ মাঘ তথা ২৩ ও ২৪ জানুয়ারি তাঁর জীবন দর্শন, সাধনা ও মলয়া সংগীতকে ঘিরে আয়োজন হয়।

 

সাধকের জীবন ও দর্শন

মাত্র ৩১ বছরের জীবনে মনোমোহন দত্ত মানুষের ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে গেছেন। তিনি ছিলেন কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁর রচিত মরমী গান ও কবিতা আজও মানুষের হৃদয়ে আলো জ্বালায়।

 

মলয়া সংগীতের মাহাত্ম্য

মনোমোহন দত্তের রচিত মলয়া সংগীত বসন্তের মলয়া বাতাসের মতোই নতুন জীবনের সঞ্চার ঘটায়। ওস্তাদ আফতাব উদ্দিন খাঁর কণ্ঠে ছড়িয়ে পড়া এই সংগীত শুনে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন— “কবিরা কল্পনা করেন আর সাধকরা চোখে দেখেন।”

 

সাহিত্য ও সঙ্গীত ভাণ্ডার

‘মলয়া’ কাব্যগ্রন্থে ৪২৬টি গান লিপিবদ্ধ রয়েছে। এছাড়া তাঁর রচিত ‘তপোবন’, ‘উপবন’, ‘নির্মমাল্য’সহ প্রায় ১০০০ কবিতা এবং ‘সর্বধর্ম তত্ত্বসার’সহ নানা আধ্যাত্মিক গ্রন্থ আজও গবেষণা ও পাঠে সমানভাবে আলোচিত।

 

ভক্তদের ভিড়

দেশ-বিদেশ থেকে সাধক, কবি, শিল্পী ও গবেষকরা প্রতি বছর তাঁর আশ্রমে ভিড় জমান। আশ্রমের বিল্ব বৃক্ষের নিচে সাধারণ মানুষ মানত করে, মোমবাতি জ্বালায়, আগরবাতির ধোঁয়ায় ভরে ওঠে পরিবেশ।

প্রিন্ট করুন