অগ্নিকাণ্ডের ঘটনা
নরসিংদীতে গাড়ি মেরামতের গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কুমিল্লার যুবক চঞ্চল ভৌমিক (২৫)। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের দগরিয়া এলাকায় পুলিশ লাইনসের পাশে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার অভিযান
খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দোকানের ভেতরে চঞ্চল ভৌমিকের অগ্নিদগ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মৃতের পরিচয়
চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া থানার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। কয়েক বছর আগে তিনি নরসিংদীতে এসে গাড়ি মেরামতের দোকানে কাজ শুরু করেন। প্রতিদিনের মতো কাজ শেষে শুক্রবার রাতেও গ্যারেজে ঘুমিয়েছিলেন তিনি।
সিসিটিভি ফুটেজে রহস্যজনক ব্যক্তি
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত ১টা ৪০ মিনিটে এক অজ্ঞাত ব্যক্তি আশপাশ থেকে কাপড় ও কাগজ সংগ্রহ করে গ্যারেজের শাটারের সামনে আগুন ধরিয়ে দেয়। এরপর সে প্রায় তিনটা পর্যন্ত সেখানে অবস্থান করে এবং বসে খাওয়া-দাওয়া করে। তার আচরণ মানসিক প্রতিবন্ধীর মতো মনে হয়েছে।
প্রশাসনের বক্তব্য
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক মো. ইসহাক মিয়া বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ব্যক্তি আগুন ধরিয়েছে। বিষয়টি তদন্তাধীন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন জানান, দোকানের মালিক মাসুদ রানা রুবেল বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

নাসির উদ্দীন :