অনুষ্ঠান
‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকার দেশের সুরক্ষায় কাস্টমস’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টম, রপ্তানি, বন্ড ও আইটি) ফারজানা আফরোজ বলেন, ভারতের সাথে আমদানী-রপ্তানীতে ভারসাম্য বজায় রাখতে গিয়ে অনেকসময় পণ্য ব্যবস্থাপনায় অসামঞ্জস্য দেখা দেয়। তিনি আরও বলেন, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাস্টমস প্রশাসনের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করে রাজস্ব ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন সম্ভব।
প্রশাসনের বক্তব্য
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ আব্দুল মান্নান সরদার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার মোঃ আবদুস সোবহান এবং কর অঞ্চল-নোয়াখালীর কর কমিশনার শাহ মুহাম্মদ ইত্তেদা হাসান। বক্তারা বলেন, ১৮৬টি দেশে এই দিবস পালিত হয় এবং দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা গেলে কাস্টমস বিভাগ দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অন্যান্য বক্তব্য
স্বাগত বক্তব্য দেন যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম কমিশনার নীতিশ বিশ্বাস, যেখানে কাস্টমসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ কবির খান, কুমিল্লা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মো. জামাল আহমেদ এবং সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি হাসিবুল ইসলাম। অনুষ্ঠানে ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফয়সাল আহমেদ রাফি :