প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বরুড়ায় সাংবাদিকের বাড়িতে চুরি: মামলার ৮ দিনেও নেই দৃশ্যমান অগ্রগতি

নাছির উদ্দিন

 

কুমিল্লার বরুড়া উপজেলায় বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় মামলা দায়েরের আট দিন পেরিয়ে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৬ জানুয়ারি) ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার আট দিন পেরিয়েছে, কিন্তু পুলিশ এখনো চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো ইতিবাচক তথ্য দিতে পারেনি।কিন্তু বরুড়া থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত অগ্রগতি আশা করা যাচ্ছে।
এর আগে গত ১৮ জানুয়ারি গভীর রাতে বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেঙ্গাহাটা গ্রামের সাংবাদিক জসিম উদ্দিন খোকনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ভোর আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা চোরেরা জসিমউদ্দীন খোকনের বসতবাড়িতে প্রবেশ করে বাড়ির সিঁড়ির নিচে রাখা দুটি মোটরসাইকেল এবং বসতঘরে ডুকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সেদিন রাতেও মোটরসাইকেল দুটি সিঁড়ির নিচে রাখা হয়েছিল। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে নামাজের জন্য ঘুম থেকে উঠে প্রথমে একটি মোটরসাইকেল না দেখতে পেয়ে খোঁজ নেওয়া হলে দেখা যায়, অপর মোটরসাইকেলটিও নেই।
ঘটনার পর বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যাচ্ছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো ফল না পাওয়ায় বরুড়া থানায় মামলা দায়ের করা হয়।
মামলার বাদী সাংবাদিক জসিম উদ্দিন খোকন মামলায় উল্লেখ করেছেন, চোরেরা বসতঘরের ভেতর থেকে নগদ টাকা, দুটি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় রাতের বেলা কার্যকর টহল ও নজরদারি না থাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত চোর চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সঞ্জয় সরকার বলেন, ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন দিক থেকে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত অগ্রগতি আশা করা যাচ্ছে।

প্রিন্ট করুন