বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের নন্দনপুর ডিভিশনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে কুমিল্লা অঞ্চলে ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছে কোম্পানির প্রধান কার্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮টা পর্যন্ত কুমিল্লা সদর, উপজেলা, বাশরুক, ইন্ডিজেড এবং আশেপাশের এলাকার সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এই সময়কালে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নন্দনপুর ডিভিশনের জরুরি মেইনটেনেন্স কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গ্যাস সরবরাহের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয়।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। গ্যাস সংযোগ বন্ধ থাকার সময়কালীন বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শও দেওয়া হয়েছে।
এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে কুমিল্লা অঞ্চলের দৈনন্দিন জীবনযাত্রা ও শিল্প কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ আশাবাদী, সময়মতো কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়েই গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে।

নিজস্ব প্রতিবেদক :