প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি, ভুয়া মামলা ও জাল গ্রেপ্তারি পরোয়ানা তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে কুমিল্লায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি চক্র আদালতের তথ্য পাচার করে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা চালায়। তারা নিজেদের আইন প্রশাসনের লোক পরিচয় দিয়ে তদন্ত বা সমন ছাড়াই সাদা কাগজে তৈরি ভুয়া ওয়ারেন্ট দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করে আসছিল।
এ ঘটনায় মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ সংযুক্ত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, সেকেন্ড অফিসার (অপারেশন) ও তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। তদন্তকালে ডকুমেন্ট, বালাম বহি ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে দেখা যায়—‘মওদুদ’ নামটি সঠিক হলেও সংশ্লিষ্ট অভিযোগ, ওয়ারেন্ট ও অন্যান্য কাগজপত্র সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতির মাধ্যমে তৈরি।
পরবর্তীতে ষড়যন্ত্রমূলকভাবে তথ্য বিভ্রান্তি ছড়িয়ে আইনবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগে নামীয় ও অজ্ঞাতনামা চক্রের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডি নম্বর: ১৮৮৫, তারিখ: ২৬ জানুয়ারি ২০২৬।
এদিকে সংশ্লিষ্ট আসামিরা পূর্বের জিআর মামলার আদেশের বিরোধিতা করায় মামলার পরিচালনাকারী আইনজীবীর মাধ্যমে আদালতের চূড়ান্ত লিগ্যাল নোটিশ জারি করা হয়, যা জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। অভিযোগ রয়েছে, এর পরপরই পরিকল্পিতভাবে মামলার গতিপথ পরিবর্তনের উদ্দেশ্যে ভুক্তভোগীর বিরুদ্ধে কাউন্টার ভুয়া মামলা ও জাল গ্রেপ্তারি পরোয়ানা জারির অপচেষ্টা চালানো হয়।
এছাড়া আদালতের আদেশ অমান্য করে ভুক্তভোগীর প্রাণনাশের চেষ্টার অভিযোগও উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নালিশী মামলাটি আমলে নিয়ে নতুন করে মামলা রেকর্ড করেন এবং অপরাধী চক্র ও তাদের ইন্ধনদাতাদের শনাক্তে পুলিশের গোয়েন্দা সংস্থাকে তদন্তের নির্দেশ দেন।
মামলা নম্বর: ১৬৬/২৬, তারিখ: ২৮ জানুয়ারি ২০২৬।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন