নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এ সাক্ষ্য গ্রহণ চলাকালে আদালতের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি ও সাক্ষ্য প্রভাবিত করার দায়ে মোঃ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হকের আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্য গ্রহণের সময় আনোয়ার হোসেন এক সাক্ষীর বক্তব্য অন্য সাক্ষীকে জানিয়ে প্রভাবিত করার চেষ্টা করেন। এ ঘটনায় ট্রাইব্যুনালের বিচারক মোঃ ইয়াছির আরাফাত (জেলা ও দায়রা জজ) দণ্ডবিধির ২২৮ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ প্রেরণ করেন। অভিযোগটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হকের আদালতে পাঠানো হলে সামারি ট্রায়ালে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার নারায়নসার গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাকে সি/ডব্লিউ মূলে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক :