ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু হয়েছে। বিশেষ সূত্র জানিয়েছে, বাড়ি-ঘর নির্মাণে চাঁদাদাবি, মব সৃষ্টি করে গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ আদায়, হুমকিসহ নানা হয়রানির অভিযোগে শত শত ব্যক্তির নাম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসেছে। এ ছাড়া এলাকা ভিত্তিক অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে এবং অভিযান আরও জোরালো করার প্রস্তুতি চলছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এসব সন্ত্রাসীরা নির্বাচনে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে অভিযানের পরিকল্পনা করা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে যাতে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দেশে আনতে না পারে। নির্বাচন কমিশনও হারানো অস্ত্র উদ্ধারে গুরুত্ব দিয়ে চেকপয়েন্ট অপারেশন বাড়ানোর নির্দেশ দিয়েছে।
শেষ পর্যন্ত কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, সর্বশেষ ৩৪৩ জন সন্ত্রাসী ও চাঁদাবাজের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। তালিকায় অস্ত্রধারী, চাঁদাবাজ, নাশকতাকারী ও বিভিন্ন মামলার আসামি রয়েছে। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় নিরবিচ্ছিন্ন অভিযান চলবে।

নিজস্ব প্রতিবেদক :