কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ধর্মসাগর পশ্চিমপাড় এলাকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ রকিবুল ইসলাম।
নিহত ফারজানা আক্তার লিমা (২২) কুমিল্লা হাউজিং স্টেটের মৃত রহিম মিয়ার মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। অভিযুক্ত স্বামী শিপন মিয়া মুরাদনগরের নেয়ামতকান্দি গ্রামের বাসিন্দা এবং পেশায় পিঠা বিক্রেতা।
নিহতের বড় ভাই রায়হান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শিপন ফোন করে তাকে দ্রুত ঘটনাস্থলে আসতে বলেন। ফোনালাপের সময় চিৎকার শোনা যায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে লিমাকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় দেখতে পান। ঘটনার পরপরই শিপন ও তার বড় ভাই রিপন পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।
রায়হানের দাবি, প্রায় পাঁচ বছর আগে লিমা ভালোবেসে শিপনকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই শিপন তার বোনকে নির্যাতন করে আসছিলেন। নিজের পছন্দে বিয়ে করার কারণে লিমা পরিবারকে বিষয়টি জানাননি। তার অভিযোগ, শিপনসহ পরিবারের সদস্যরা মিলে লিমাকে হত্যা করেছে।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা শরিফ ইবনে আলম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে শিপনসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারভুক্ত আসামি শিপনের বোন রবি আক্তার এবং বড় ভাই রিপনের স্ত্রী সুমি আক্তারকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিজস্ব প্রতিবেদক :