প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মীর করুন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে রাজনৈতিক প্রতিহিংসা ও জমি বিরোধের জেরে ভয়াবহ হামলায় বিএনপি কর্মী রবিউল হোসেন (৪৫) নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে মির্জানগর পুরাতন পাগলা বাজারের শফিকুল ইসলামের চা দোকানে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চা পানরত অবস্থায় অতর্কিতভাবে নুর নবী, মহিউদ্দিন ও ময়নাল মিলে রবিউলকে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এ সময় উপস্থিত জাকির হোসেন ও কবির হোসেন বাধা দিলে তাদেরকেও মারাত্মকভাবে আহত করা হয়। গুরুতর আহত রবিউলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কবির হোসেন চিকিৎসাধীন আছেন, আর জাকির হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

 

নিহতের স্ত্রী শাহিনুর আক্তার অভিযোগ করেন, তার স্বামী একজন সহজ-সরল মানুষ ছিলেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। তিনি স্বামীর হত্যার বিচার দাবি করেন। নিহতের পরিবারে দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

 

খবর পেয়ে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বরুড়া থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম এবং সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বরুড়া থানার ওসি আজহারুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়ের হয়নি।

প্রিন্ট করুন