কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকার আলী আকবর মুন্সি বাড়িতে আমেরিকা প্রবাসী সাংবাদিক মো. সাইফুল ইসলামের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শিদলাই এলাকার শফিকুল ইসলাম গং ও মৃত সুন্দর আলী গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় প্রবাসীর পিতার মালিকানাধীন প্রায় ১৫ শতক জমি দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা। উক্ত সম্পত্তির খতিয়ান নং ৩৪০২, বিএস খতিয়ান নং ২৫৭৫ এবং দাগ নং ৭৩১৮ ও ৭৩২৪।
গত ৭ জুলাই ২০২৫ তারিখে কুমিল্লা দক্ষিণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রবাসীর বড় ভাই সোহরাব হোসেন (৩২) পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিরা হলেন, নানু মিয়া (৫৫), অলি উল্লাহ মেন্টু (৫০), বেদন মিয়া (৪৬), মহসিন (৩৪) এবং মো. জুয়েল রানা (৩২)। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
অভিযোগে আরও বলা হয়, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গত ২১ জানুয়ারি সকালে বিবাদীরা বহিরাগত লোকজন ভাড়া করে বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুরপাড়ের একাধিক গাছ কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাদী পক্ষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরে থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার বিষয়টি প্রত্যক্ষ করে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এ ঘটনায় প্রবাসীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ব্রাহ্মণপাড়া থানার তদন্ত ওসি টমাস বড়ুয়া বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্তের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছে।” দায়িত্বপ্রাপ্ত এএসআই কামরুজ্জামান জানান, “ঘটনাস্থলে গিয়ে দেখি কিছু লোক গাছ কাটছিল। দুই পক্ষকেই কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক :