কুমিল্লায় ব্যবসায়ী সমাজের সাথে মতবিনিময় করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে নগরীর খন্দকার হক মার্কেটে ব্যবসায়ী ফেডারেশন কুমিল্লার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী, আর প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক জামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মনিরুল হক চৌধুরী বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা জরুরি। তিনি স্থানীয় ব্যবসায়ীদের সমস্যা ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আশ্বাস দেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করুন, আমি আপনাদের চাঁদাবাজিমুক্ত নিরাপদ ব্যবসার পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”
ব্যবসায়ী ফেডারেশনের নেতারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংকট তুলে ধরে করব্যবস্থা সহজীকরণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত পরিবেশ এবং অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির দাবি জানান। বক্তারা স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে নিয়মিত সংলাপের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং কুমিল্লার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

অনলাইন ডেস্ক