প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় পুকুরে অটোচালকের মরদেহ আতঙ্কে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ এক দৃশ্যের সাক্ষী হলো স্থানীয়রা। রাস্তার পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

নিহত জাহাঙ্গীর আলম (৪০) জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পন্ডিত বাড়ির বাসিন্দা। তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন। গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে পাশ্ববর্তী দৌলখাঁড় গ্রামের পুকুরে তার লাশ ভেসে ওঠে।

 

এ ঘটনায় নিহতের পিতা আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, নিহতের পিতা মামলা করেছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে। আসামি চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রিন্ট করুন