ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থীদের পক্ষে প্রচারণা জোরদার করতে দুই দিনের সফরে কুমিল্লায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) ও শনিবার (৩১ জানুয়ারি) তিনি জেলার গুরুত্বপূর্ণ পাঁচটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা-৬ (সদর) আসনের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার বিকাল ৪টায় কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের লাকসাম স্টেডিয়ামে এবং সন্ধ্যা ৭টায় কুমিল্লা টাউন হল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
শনিবার সকাল ৯টায় কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে, দুপুর ১২টায় কুমিল্লা-৫ (বুড়িচং) নিমসার বাজারে এবং বিকাল ২টায় কুমিল্লা-১ (দাউদকান্দি) মডেল মসজিদ মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জামায়াত সূত্র জানায়, সফরকে ঘিরে জেলার প্রতিটি এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশগুলো সফল করতে দলীয়ভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি জনসভায় কয়েক লক্ষ নেতা-কর্মীর উপস্থিতি আশা করা হচ্ছে।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠ থেকে স্বাগত মিছিল বের করে মহানগর জামায়াত। এছাড়া চৌদ্দগ্রাম, গুণবতী বাজারসহ বিভিন্ন স্থানে স্বাগত মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা।
চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমীর ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহবায়ক মোঃ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক এবং ঢাকসুর সাবেক ভিপি সাদেক কায়েম।
উপজেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, শনিবার সকালের জনসভা জনসমুদ্রে রূপ নেবে। ইতোমধ্যে জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক :