রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া জন্মান্ধ গফুর মল্লিকের (৭৮) বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়।
পরিবার জানায়, হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুধু গফুর মল্লিকই নন, তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ করে মালামাল ও অর্থ আত্মসাৎ করে।
এ ঘটনায় গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, ৭৮ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে ট্রেনে ও বাসে ফেরি করে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তার এই অদম্য জীবনসংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ‘আমরা বিএনপির পরিবার’ থেকে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

অনলাইন ডেস্ক :