প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

যেই আসনে থাকছে না ধানের শীষ প্রতীক

অনলাইন ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে বড় সংকট তৈরি হয়েছে। ৩০০ আসনের মধ্যে ৮টি আসনে ব্যালটে ধানের শীষ প্রতীক থাকছে না। জোটের শরীকদের জন্য ১১টি আসন ছাড়লেও এর মধ্যে ৭টিতে শরীকরা নিজ দলের প্রতীক নিয়ে লড়ছেন এবং মাত্র ৪টিতে বিএনপিতে যোগ দেওয়া প্রার্থীরা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

রোববার আদালত ঋণখেলাপির দায়ে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। ফলে এ আসনেও বিএনপির কোনো প্রার্থী থাকছে না, ধানের শীষ প্রতীকও থাকছে না। এদিকে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার প্রার্থিতা বাতিল হলে ধানের শীষ প্রতীক না থাকার আসন সংখ্যা বেড়ে ৯-এ পৌঁছাতে পারে।

 

দলীয় সূত্রে জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে নির্বাচনি সমঝোতায় বিএনপি ৪টি আসন ছেড়ে দিয়েছে। সিলেট-৫, নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তের প্রার্থীরা নিজ দলের প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এবং পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর নিজ দলের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

অন্যদিকে ধানের শীষ প্রতীক পেতে নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। একইভাবে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ (নড়াইল-২), এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ (ঢাকা-১৩) এবং গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান (ঝিনাইদহ-৪) বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

সব মিলিয়ে আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক সংকট স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে কুমিল্লা-৪ আসনের প্রার্থী বাতিলের ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রিন্ট করুন