কুমিল্লা-০৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী রবিবার দিনব্যাপী নগর ও গ্রামে গণসংযোগ ও নির্বাচনী সমাবেশে অংশ নেন। ধানের শীষের পক্ষে তার এই প্রচারণায় নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
সকালে নগরীর নানুয়ারদিঘী, দিগম্বরীতলা, চকবাজার, গাংচর, মোগলটুলি ও রাজগঞ্জে গণসংযোগ করেন তিনি। বিকেলে সদর উপজেলার ধনুয়াখলায়, সন্ধ্যায় সাবেনগনগর এবং রাতে ছোটরা এলাকায় পৃথক জনসভায় বক্তব্য দেন।
এসময় তার সঙ্গে ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীসহ নেতাকর্মীরা। এছাড়াও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “আমাদের চেয়ারম্যান তারেক রহমানের মতো আমারও কুমিল্লা নিয়ে স্বপ্ন আছে। আমি সেই পরিকল্পনার কথা বই আকারে প্রকাশ করেছি। আগামীকাল টাউনহলে আপনাদের সামনে তা তুলে ধরবো।”
তিনি বলেন, “নির্বাচিত হলে কুমিল্লা সিটি করপোরেশনকে উত্তরে পাঁচথুবী আমড়াতলী, দক্ষিণে বাঘমারা, পশ্চিমে ক্যান্টনমেন্ট এবং পূর্বে সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত করবো। এই মহানগরকে শ্রেষ্ঠ মহানগরে রূপান্তর করবো ইনশাআল্লাহ।”
শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “কুমিল্লা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের শাখা বাড়াতে হবে, যাতে মানুষ ঘরে বসেই সেবা পায়।”
নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে মা-বোনেরা নিজের প্রয়োজনে স্বাধীনভাবে খরচ করতে পারেন। কর্মক্ষেত্র বাড়িয়ে তাদের এগিয়ে নেওয়া হবে।”
শেষে তিনি বলেন, “আমাকে একটি ভোট দিয়ে বিজয়ী করুন, আমি জীবন দিয়ে হলেও আপনাদের ঋণ শোধ করবো ইনশাআল্লাহ। আপনাদের আর কখনো অধিকার থেকে বঞ্চিত হতে হবে না।”

নেকবর হোসেন :