প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

হোমনায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

তারিকুল ইসলাম

 

জাতীয় ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে কুমিল্লার হোমনা উপজেলায় সর্বস্তরের সরকারি কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার সকাল থেকে উপজেলা সদরে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে শুধু আশ্বাসই দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি নেই। বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির চাপে পুরোনো বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ অবস্থায় জাতীয় ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন অবিলম্বে জারি করা জরুরি বলে তারা মনে করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বলেন, পে-স্কেল তাদের ন্যায্য অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

প্রিন্ট করুন