কুমিল্লা-৩ মুরাদনগর আসনের ছালিয়াকান্দি এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক হামলার ঘটনাকে পারিবারিক বিরোধ থেকে রাজনৈতিক রূপ দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে বিএনপি।
সোমবার দুপুরে উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য সচিব মোল্লা মুজিবুল হক সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, কিছুদিন আগে নেয়ামতকান্দি এলাকার বাঙ্গারি ব্যবসায়ী রুহুল আমিনের বাড়িতে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা মিটিং করতে চাইলে রুহুল আমিন আপত্তি জানান। এর জেরে কয়েকদিন পর জামায়াত কর্মী আবু তাহের তার উপর হামলা চালায়।
গত রবিবার বিকেলে নেয়ামতকান্দি বাজারে আবারও আবু তাহেরসহ কয়েকজন রুহুল আমিনের পথরোধ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে তাহেরের বড় ভাই সুমন এসে তাকে শান্ত করে অটোরিকশায় তুলতে গেলে সামান্য আচর লাগে।
বিএনপির অভিযোগ, এই পারিবারিক ঘটনাকে রাজনৈতিক নাটকে রূপ দিতে জামায়াত নেতাকর্মীরা কল্পকাহিনী সাজিয়ে বিএনপি নেতাদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। তারা মিছিল করে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে এবং আহত সাজিয়ে হাসপাতালে ভর্তি করেছে। কিন্তু তথাকথিত আহতরা সুস্থভাবে হাসপাতাল থেকে বের হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, এই সাজানো নাটক প্রমাণ করে ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানান, যেন প্রতিহিংসামূলক এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বিএনপি মুরাদনগরে সম্প্রীতির রাজনীতি করতে চায় এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।
উল্লেখ্য, আবু তাহেরের ভাই সুমন মিয়া জানিয়েছেন, তাহেরের শরীরের চোট গাড়িতে তোলার সময় লেগেছে, কোনো মারধরের ঘটনা ঘটেনি।

নিজস্ব প্রতিবেদক :