প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় জনসভায় কামরুল হুদার বজ্রকণ্ঠ জামায়াত জনগণের দল নয়

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নির্বাচনী জনসভায় বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা সোমবার (০২ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামীকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, জামায়াত কখনোই জনগণের দল হতে পারেনি, বরং এটি একটি সংখ্যালঘু গোষ্ঠীর সংগঠন।

 

শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় কামরুল হুদা অভিযোগ করেন, জামায়াত নারীদের সম্মান দেয়নি, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাদের হাতে মা-বোনদের তুলে দিয়েছে এবং আজও নারীদের ঘরে বন্দি রাখতে চায়। তিনি আরও বলেন, জামায়াতের সংগঠনে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কোনো স্থান নেই।

 

অন্যদিকে জগন্নাথদিঘি ইউনিয়নের পায়ের খোলা স্কুল মাঠে আয়োজিত সভায় তিনি বলেন, জামায়াত নির্বাচনে এলেও তাদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। কিন্তু বিএনপি তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনার পরিকল্পনা করছে। তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ভাতা কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।

 

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কামরুল হুদা দাবি করেন, দেশের নিরাপত্তা কেবল বিএনপির হাতেই সম্ভব। তিনি জনগণকে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

শ্রীপুর ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। সঞ্চালনা করেন শাখাওয়াত হোসেন মিঠু ও সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরাজি লাল্টু, শাহ আলম, উপদেষ্টা ফজলুল হক, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামসহ আরও অনেকে।

 

জগন্নাথদিঘি ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশা। সভায় বক্তব্য দেন পৌরসভা মহিলা দলের মরিয়ম সুলতানা শিখা, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলাইমান চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, সদস্য মোখলেছুর রহমান রানা এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী।

প্রিন্ট করুন