কুমিল্লা টাউনহল মাঠে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মুক্ত আলোচনা। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনির কন্যা ড. চৌধুরী সায়মা ফেরদৌস। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এটি শুধু একটি ভোট নয়, বরং ১৯৭১-এর উত্তরাধিকার এবং জুলাইয়ের সাহস বহন করে।
তিনি বলেন, গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন ভোটাররা শুধু আবেগ নয়, চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেয়। নির্বাচন কেবল পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই ভোট দেয়ার আগে ভাবতে হবে ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে—শিক্ষা, কর্মসংস্থান, জলবায়ু সহনশীলতা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নকে সামনে রেখে।
ড. সায়মা আরও বলেন, বাংলাদেশের পরিচয়ের দুটি স্তম্ভ হলো ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান। উভয় আন্দোলনই তরুণদের সাহস, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। তিনি তরুণদের আহ্বান জানান এমন একটি প্রজন্ম গড়ে তুলতে যারা ভিন্নমত থাকা সত্ত্বেও সামাজিক সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করবে।
আলোচনায় সভাপতিত্ব করেন সম্ভাবনাময় বাংলাদেশ সংগঠনের প্রধান নির্বাহী অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান না হলে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। ১৯৭১ আমাদের স্বাধীনতা দিয়েছে, আর জুলাই সেই স্বাধীনতা রক্ষা করেছে।
সহ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও ডাকসু ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, রাকসুর এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা, জুলাই শহীদ সাদমানের মা কাজী শারমিন। আবিদুল ইসলাম খান বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেড় বছরে আমরা প্রত্যাশিত পরিবর্তন আনতে পারিনি। রাজনৈতিক অপসংস্কৃতি আবার ফিরে এসেছে।
মুক্ত আলোচনায় কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ জুলাই যোদ্ধারা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক :