কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি ও কর্মীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ তুলেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। তিনি এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে আয়োজিত এক পথসভায় তিনি অভিযোগ করেন, বিকাল ৩টার দিকে ষোলনল ইউনিয়নের ইছাপুরা কেন্দ্রীয় মসজিদের সামনে পূর্বঘোষিত নির্বাচনী প্রচার ও জনসভা শুরুর আগেই বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে তাদের প্রচারে বাধা সৃষ্টি করে। এ সময় এবি পার্টির নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টাও চালানো হয়।
ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যারিস্টার যোবায়ের বলেন, “আমার জনপ্রিয়তা দেখে একটি বড় দলের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা এখনই তাণ্ডব শুরু করেছে। আগামী ১২ তারিখ কুমিল্লা-৫ আসনের জনগণ ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে। এ দেশের মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, প্রশাসন যদি কঠোর ভূমিকা না নেয় এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, তাহলে দেশ আবারও একটি গণআন্দোলনের দিকে এগিয়ে যেতে পারে।
পথসভায় উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী, কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা) মোসলেম উদ্দিন, উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :