কুমিল্লার হোমনা উপজেলায় আলোচিত হামলার মামলায় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের দুই নেতার নাম উঠে এসেছে। তারা হলেন— জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক ভূইয়ার ছেলে, লন্ডন প্রবাসী মোঃ আমিনুল ইসলাম ভূইয়া ইয়াছিন (মামলার ১৯ নম্বর আসামি) এবং উজিরাকান্দি গ্রামের যুবলীগ নেতা শফিকুল ইসলাম ভূইয়া (১৮ নম্বর আসামি)।
জানা গেছে, আমিনুল ইসলাম ভূইয়া ইয়াছিন দীর্ঘ ২৬ বছর ধরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। অভিযোগিত হামলার সময়ও তিনি লন্ডনেই ছিলেন বলে পরিবার দাবি করেছে। অন্যদিকে, যুবলীগ নেতা শফিকুল ইসলাম গত ৫ আগস্ট থেকে ঢাকায় অবস্থান করছেন এবং সরকার পরিবর্তনের পর এলাকায় যাননি।
তাদের প্রশ্ন, দেশে না থেকে এবং ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কীভাবে তারা হামলার আসামি হলেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিতাসের এক সাবেক বিএনপি নেতার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি হোমনা উপজেলায় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী এপিএস এম এ মতিন খান নির্বাচনী প্রচারণায় গেলে দুর্বৃত্তরা তার মিছিলে হামলা চালায়। এতে প্রার্থীসহ কয়েকজন আহত হন। এ ঘটনায় ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে হোমনা থানায় মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহর। মামলায় মোট ২১৫ জনকে আসামি করা হয়, যার মধ্যে তিতাস উপজেলার চারজন রয়েছেন।
ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে নিন্দা ও সমালোচনা চলছে। সংশ্লিষ্টদের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং নির্দোষ ব্যক্তিদের যেন হয়রানি না করা হয়।

হালিম সৈকত :