ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর টু শাহপুর সড়কের দুই পাশের গাছ কেটে চলছে প্রকাশ্য অনিয়ম। সড়ক সংস্কার ও উন্নয়নের নামে লিজে আনা গাছ কাটার সুযোগকে কেন্দ্র করে স্থানীয়রা বনবিভাগের অনুমতি ছাড়াই গাছ কেটে বিক্রি করছেন সমিলে, আবার কেউ লাকড়ি করে নিয়ে যাচ্ছেন বাড়িতে। অথচ প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
নেটিজেনদের অভিযোগ, নির্বাচনি অজুহাতে সরকারি কর্মকর্তারা এসব বিষয়ে চোখ বন্ধ করে রেখেছেন। এভাবে গাছ কাটার কারণে পাখিদের বাসস্থান ধ্বংস হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
সরজমিনে দেখা গেছে, সারি সারি তাল গাছ কেটে ফেলা রাখা হয়েছে। কড়ই, মেহগনীসহ নানা জাতের গাছও কেটে ফেলা হয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কেউ কেউ দ্রুত গাছ সরিয়ে ফেলার চেষ্টা করেন।
এ বিষয়ে সাতমোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারিমা আক্তার জানান, তিনি ইউএনওর সাথে যোগাযোগ করলে বন কর্মকর্তাকে বিষয়টি জানাতে বলা হয়। উপজেলা বন কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, সরজমিনে না গিয়ে তিনি কিছু বলতে পারবেন না।
স্থানীয়রা দ্রুত অবৈধ গাছ কর্তনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে অন্য কেউ আর গাছ কাটতে না পারেন।

সঞ্জয় শীল :