কুমিল্লা শহরতলীর নোয়াপাড়া পাসপোর্স অফিস এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নির্মাণ শ্রমিক মারুফ মিয়া (২২) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। বুধবার দুপুরে সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মারুফ নেত্রকোনা জেলার মশুয়া গ্রামের আওলাদ হোসেন মুন্সীর ছেলে। সহকর্মীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক শ্রমিকদের কাছে মাদক থাকার অভিযোগ তোলে এবং একপর্যায়ে মারধর শুরু করে। এ সময় মারুফকে রড দিয়ে আঘাত করা হয়।
কোতোয়ালি মডেল থানার এসআই মিল্টন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”
থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, “নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
মারুফের মৃত্যুতে সহকর্মী শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনাটিকে অমানবিক ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন।

নিজস্ব প্রতিবেদক :