প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ভোট পাহারায় ৪০ হাজার ক্যামেরা নাফিসা বেনজীরের হাত ধরে

অনলাইন ডেস্ক :

দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ের প্রতিষ্ঠিত ‘স্মার্ট টেকনোলজিস’ থেকে কেনা হলো পুলিশের বডিওর্ন ক্যামেরা। আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের হাতে থাকবে এই ক্যামেরা। তবে মান ও কার্যকারিতা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন।

 

জানা গেছে, আওয়ামী লীগ আমলে বিশেষ সুবিধা পাওয়া প্রতিষ্ঠানটি পুলিশের প্রায় সব টেন্ডার পেয়েছিল। এবারও গোপনে চায়না থেকে ক্যামেরা আমদানি করে সরবরাহ করেছে স্মার্ট টেকনোলজিস। পুলিশের টেলিকম বিভাগ এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি।

 

বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চক্রান্ত করছে। বিশেষজ্ঞ রেজাউল করিম সোহাগ সতর্ক করে বলেছেন, নির্বাচনের সময় ক্যামেরা যথাযথভাবে কাজ না করলে ভয়াবহ সংকটে পড়তে হবে পুলিশকে।

 

গত বছরের ৯ আগস্ট সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে ২৬৯ কোটি টাকায় ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ক্রয়ে স্বচ্ছতা আনতে সব কেনাকাটা হবে ইউএনডিপির মাধ্যমে। কিন্তু বাস্তবে সোর্স মানির টাকায় গোপনে স্মার্ট টেকনোলজিস থেকে ক্যামেরা কেনা হয়েছে।

 

এদিকে ক্যামেরার সংখ্যা ও খরচ নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা রয়েছে। পুলিশ সদর দপ্তরও এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি। বলা হচ্ছে, ভোট চুরি ও কেন্দ্র দখল ঠেকাতে ক্যামেরাগুলোতে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। অস্ত্র নিয়ে কেউ ভোটকেন্দ্রে প্রবেশ করলে ক্যামেরা সতর্ক সংকেত দেবে।

 

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে দুর্নীতির দায়ে অভিযুক্তদের প্রতিষ্ঠানের সরবরাহকৃত ক্যামেরা দিয়ে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে?।

প্রিন্ট করুন