ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় স্থানীয় পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. একে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা বাংলাদেশে ১১ দলীয় জোটের বিজয়ের পরিবেশ দৃশ্যমান হচ্ছে। জনগণ আর কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজ দলকে ক্ষমতায় দেখতে চায় না। তিনি প্রতিশ্রুতি দেন, জোট সরকার গঠন করতে পারলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে।
ড. সিদ্দিকী আরও বলেন, গত ৫৪ বছরে দেশে কোনো মৌলিক পরিবর্তন আসেনি। গুম-খুনের শাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছিল সময়ের দাবি। তরুণেরা ইতোমধ্যেই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ইনসাফের পক্ষে রায় দিয়েছে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, জনগণের কাজে লাগবে এমন কার্ড দিতে হবে—চাঁদাবাজি নয়, নিরাপত্তা ও সেবার নিশ্চয়তা দিতে হবে। পরে তিনি ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপির সভাপতিত্বে এবং ঝলম দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল সালেহীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা, এড. আশিকুর রহমান, মোস্তাফিজুর রহমান শামীমসহ আরও অনেকে।
সমাবেশে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ও ইউনিয়ন জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইমরান হোসেন :