প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আওয়ামী লীগ নেতা

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বরিশালের বাকেরগঞ্জে প্রিজাইডিং অফিসার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্তমান আইন বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দাসকে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এ ঘটনায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে, যা সমালোচনার জন্ম দিয়েছে।

 

অভিযুক্ত ইন্দ্রজিৎ দাস উপজেলা রঘুনাথপুর এম এ মালেক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। একই সঙ্গে তিনি বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। শুক্রবার বিকেলে উপজেলা অডিটরিয়ামে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ তালিকায় তার নাম দেখা যায়।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ স্বাক্ষরিত তালিকায়ও ইন্দ্রজিৎ দাসের নাম রয়েছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।” তবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রিন্ট করুন