কুমিল্লার সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের বড়দৈল গ্রামে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিএনপির দুই কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন আনন্দসার গ্রামের আবুল হাশেমের ছেলে ফয়সাল (৩৭) এবং বড়দৈল গ্রামের মমিন মিয়ার ছেলে হাসান (৩৫)। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম বলেন, “আমাদের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালিয়ে দুজনকে আহত করে। আমরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।”
অন্যদিকে, মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান দাবি করেন, সংঘর্ষে তাদের চারজন কর্মী আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, “জামায়াতের একটি মিছিল যাওয়ার সময় ফয়সাল ও হাসান মোটরসাইকেলে করে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক :