প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজে : কুদ্দুস বয়াতি

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি অঙ্গনে এখন ভোটের আলোচনা। শিশু থেকে বৃদ্ধ, কৃষক থেকে কবি—সবার মুখে মুখে চলছে ভোটের গল্প। এ আলোচনায় যুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি।

 

সোমবার (৯ জানুয়ারি) রাতে তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেন— “গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।” যদিও তিনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করেননি।

 

তার এ মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সমর্থনে নানা মন্তব্যে ভরে ওঠে কমেন্ট সেকশন। নির্মাতা শিহাব শাহীনও পোস্টটি শেয়ার করে লিখেছেন— “হালাল গান।”

 

কুদ্দুস বয়াতি দীর্ঘদিন ধরে দেশের নানা সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে সরব। ১৯৯২ সালে হুমায়ূন আহমেদের নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণার অংশ হিসেবে গাওয়া “এই দিন, দিন না আরো দিন আছে” গান দিয়ে তিনি পরিচিতি পান। এছাড়া কোভিড-১৯ মহামারির সময় ব্র্যাকের উদ্যোগে তিনি “জাইনা চলেন, মাইনা চলেন” গানে অংশ নেন।

 

এখন পর্যন্ত তার দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনচিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তার কণ্ঠে। নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রাম তার জন্মস্থান।

প্রিন্ট করুন