প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নড়াইলে ধানের শীষ কলস সংঘর্ষে আহত ১৪

নড়াইল

নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-২ আসনের সদর উপজেলার গাবতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
কলস প্রতীকের প্রার্থী মনিরুল ইসলামের সমর্থকদের অভিযোগ, তারা বিকেলে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে ধানের শীষের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে দুই নারীসহ তাদের পক্ষের ৯ জন আহত হন।
অন্যদিকে ধানের শীষের সমর্থকরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, কলস প্রতীকের সমর্থকরা তাদের নির্বাচনী অফিস ভাঙচুর করতে এলে বাধা দেওয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় তাদের ৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট করুন