প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নাসিরনগরে বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত

নাসির নগর, ব্রাক্ষনবাড়িয়া সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান-কে ফুল দিয়ে সরাসরি শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম। এ সময় উভয়ের মধ্যে মিষ্টিমুখ বিনিময় হয়।
শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে নাসিরনগর কলেজ মোড়স্থ চেয়ারম্যান অফিসে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে গণতান্ত্রিক সংস্কৃতির অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সচেতন মহল।
সাক্ষাৎকালে অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বলেন, নির্বাচন শেষ এখন সময় নাসিরনগরের মানুষের উন্নয়ন শান্তি ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার এলাকার সার্বিক উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এর আগে এক ভিডিও বার্তায় নির্বাচনে অংশ নেওয়া নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বিজয়ী এম এ হান্নানকে অভিনন্দন জানান।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের এম এ হান্নান পেয়েছেন ৬৭৭৭৩ ভোট। ঘোড়া প্রতীকের অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫১২১ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম পেয়েছেন ২৩৮৮৮ ভোট।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, এই সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ ভবিষ্যতে নাসিরনগরের রাজনৈতিক পরিবেশকে আরও শান্ত ও ইতিবাচক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন