কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামে পূর্ব শত্রুতার জেরে ইমরান শিকদার নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতা মহিবুল শিকদারের বিরুদ্ধে।
ভিক্টিমের পিতা বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি দুপুরে রাজামেহার গ্রামের শিকদার বাড়ির সামনে দুই ব্যক্তি লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ইমরানকে আক্রমণ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইমরানের ভাই সাত্তার শিকদারের সঙ্গে মহিবুলের দীর্ঘদিনের বিরোধ ছিল। সাত্তারকে হত্যাচেষ্টা মামলায় মহিবুল ১২ দিন কারাভোগ করেছিলেন। সেই বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
আহত ইমরান সাংবাদিকদের বলেন, “আমার ভাইয়ের ওপর হামলার ঘটনায় মহিবুল জেলে ছিল। জামিনে বের হয়ে আবারও পূর্বপরিকল্পিতভাবে আমাকে আক্রমণ করেছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
অভিযুক্ত মহিবুল শিকদার ও তার সহযোগী মোহাম্মদ নাবিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, “এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :