প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

নড়াইলে বিএনপি সভাপতির বাড়িতে বোমা হামলায় অগ্নিসংযোগ

উজ্জ্বল রায়, নড়াইল :

নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিলডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতের গভীরে বিকট শব্দে ঘুম ভেঙে তারা ঘরে আগুন দেখতে পান। মুহূর্তেই আগুনে ধান, রবিশস্যসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে ঘরে কেউ ছিলেন না। তাদের দাবি, নড়াইল-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা প্রতিশোধ নিতে বাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে।

 

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে হবখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু বলেন, বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন