প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

কুমিল্লার তিতাসে সূর্যমুখীর দিগন্তজোড়া হাসি দর্শনার্থীদের হৃদয় আন্দোলিত

হালিম সৈকত :

কুমিল্লা জেলার তিতাস উপজেলার দাসকান্দি গ্রামে গোমতী নদীর অববাহিকায় দিগন্তজোড়া সূর্যমুখী ফুলের বাগান যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই জনপদে নতুন উদ্যোক্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার ১ একর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে সৃষ্টি করেছেন এক অনন্য সৌন্দর্যের দিগন্ত।

 

হাজারো হলুদ রঙের সূর্যমুখী ফুল একসাথে ফুটে যেন সূর্যের হাসি ছড়িয়ে দিয়েছে চারপাশে। প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ঢল নামে এই বাগানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মনোমুগ্ধকর দৃশ্য আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে এর আকর্ষণ। প্রকৃতিপ্রেমী তরুণী ফাতেমাতুজ জোহরা বলেন, “এত বিশাল সূর্যমুখী ফুলের ক্ষেত আগে কখনো দেখিনি। মনটা আনন্দে ভরে গেছে।” শিশু ইরহামও জানায়, “ফুল দেখে অনেক ভালো লাগছে, আবার আসব।”

 

বাগানের কেয়ারটেকার রাজ মিয়া ও ফারুক মিয়া জানান, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসায় ফুল ও গাছ রক্ষা করতে হিমশিম খাচ্ছেন তারা। তিতাস উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সূর্যমুখী তেল অত্যন্ত উপকারী এবং দামও বেশি। কৃষকরা লাভবান হবেন এবং অন্য কৃষকরাও উৎসাহিত হবেন।

 

প্রবেশে কোনো ফি না থাকায় দর্শনার্থীরা অবাধে সৌন্দর্য উপভোগ করছেন। ইতোমধ্যেই তিতাসের আশপাশের ভ্রমণপিপাসু মানুষের পছন্দের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে এই সূর্যমুখী ফুলের ক্ষেত। প্রকৃতির বাহারি রঙে ভরে ওঠা এই বাগান যেন কুমিল্লার ঐতিহ্য ও সৌন্দর্যের নতুন প্রতীক হয়ে উঠেছে।

প্রিন্ট করুন