শিক্ষক ও শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রমজান মাসে সারাদেশের স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়। নতুন তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার, শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।
এর আগে হাইকোর্ট রোজার মাসে স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল। তবে আপিলের মাধ্যমে সেই আদেশ স্থগিত হওয়ায় ছুটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শিক্ষার্থী ও শিক্ষকরা স্বস্তি পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে সম্প্রতি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে ক্লাস শুরু হলেও নতুন সিদ্ধান্তে আবারও ছুটি ঘোষণা করা হলো।
মাদ্রাসার ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে। অন্যদিকে কলেজগুলোতে বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে, যা শেষ হবে ২৯ মার্চে।

অনলাইন ডেস্ক :