প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

নড়াইলে মাছের বাজারে রমজানের শুরুতেই চড়া দাম

অনলাইন ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী পাইকারি মাছ বাজারে রমজানের প্রথম দিনেই মাছের দামে চড়া প্রভাব পড়েছে। পাইকারি বাজারে ইলিশসহ সামুদ্রিক ও দেশীয় মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাজারে দেখা যায়, ইলিশের দাম আকাশছোঁয়া। ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ১,৭০০ টাকায়, আর আধা কেজি ইলিশ ১,৩০০ থেকে ১,৪০০ টাকায়। দেশীয় মাছের মধ্যে রুই ৩২০–৪০০ টাকা, কই ৬৫০–৭০০ টাকা, পাঙাশ ১৭০–২০০ টাকা এবং চিংড়ি, শিং, কাতলা ইত্যাদির দামও বেড়েছে।

 

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমে ওঠে বাজার। হাঁকডাকে মাছ বিক্রি হয়, তবে রমজানের প্রথম দিনে ক্রেতার ভিড় কিছুটা কম দেখা গেছে। আড়তে আসা বিক্রেতারা জানান, গত সপ্তাহে মাছের ভালো দাম পাওয়া গেছে। এবার মাছ বেশি এলেও ক্রেতা তুলনামূলক কম।

 

অন্যদিকে ক্রেতারা অভিযোগ করেন, পাইকারি বাজারে মাছের দাম গত সপ্তাহ থেকেই বেশি। যে দামে কিনতে হচ্ছে, সে অনুযায়ী খুচরা বাজারে বিক্রি করতে গিয়ে ক্রেতা পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

 

মধুমতী মৎস্য মার্কেটের সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস বলেন, “বাজার স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। চলতি রমজানজুড়ে মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে।”

 

প্রতিদিন ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় লোহাগড়ার এই বাজারে গড়ে ১০ লাখ টাকার বেশি মাছ কেনাবেচা হয়।

প্রিন্ট করুন