প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে পুড়িয়ে দিলো এনসিপি

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। রাত ৮টার দিকে তারা পোড়া কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন এবং দেয়ালের ইট ভাঙচুর করেন।

 

বিক্ষোভে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী আল নূর আয়াস, এনসিপির জেলা কমিটির সদস্য মাসুদ রানা ও তৌহিদ আহমেদ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর জনতা ওই কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ১০ জন সেখানে প্রবেশ করে ব্যানার ও জাতীয় পতাকা টানায়। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে রাতেই বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি নেতারা বিক্ষোভে অংশ নেন।

 

বিক্ষোভকারীরা পরে তারাকান্দা থানায় গিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। আল নূর আয়াস বলেন, “নিষিদ্ধ সংগঠন প্রকাশ্যে কার্যক্রম শুরু করেছে দেখে আমরা আগুন দিয়েছি, দেয়াল ভেঙেছি এবং গেটে তালা দিয়েছি।”

 

তারাকান্দা থানার ওসি মো. তানভীর আহমেদ জানান, “আগুন ধীরে ধীরে নিভে গেছে। আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না, এখানে কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না।”

প্রিন্ট করুন