কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ছাত্রত্ব শেষ হওয়া ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান কর্তৃক দুই আবাসিক শিক্ষার্থী মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হলের ছাদে এ সংঘর্ষ হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ কাব্য এবং অর্থনীতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌফায়েল মাহমুদ নিবির। বর্তমানে সৌরভ কাব্য হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আতিকুর রহমানের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে নিবিরকে চড় মারেন এবং ধাক্কা দেন। প্রতিবাদ করতে গেলে সৌরভ কাব্যকে নাকে ঘুষি মারেন, ফলে তার নাক ফেটে রক্তপাত শুরু হয়। পরে শিক্ষার্থীরা এগিয়ে এসে আতিককে ধাওয়া দিলে তিনি পালিয়ে একটি মেসে আশ্রয় নেন।
অভিযোগ রয়েছে, ছাত্রত্ব শেষ হওয়ার পরও আতিকুর রহমান বলপ্রয়োগ করে দত্ত হলের ৫০০২ নাম্বার কক্ষে সিট দখল করে অবস্থান করছেন এবং নিয়মবহির্ভূতভাবে অনুসারীদের হলে উঠাচ্ছেন।
কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। সাংগঠনিকভাবে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
হলের প্রভোস্ট জনি আলম জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হলে সিট পাওয়ার সুযোগ নেই।”

নিজস্ব প্রতিবেদক :