প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

দলের দুঃসময়ের সৈনিক, কুসিক প্রশাসক পদে সম্মান চান শওকত আলী বকুল

নিজস্ব প্রতিবেদক

 

দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের পর থেকেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কুমিল্লা সিটি করপোরেশন। কে হচ্ছেন কুমিল্লা সিটির পরবর্তী প্রশাসক—তা নিয়ে নগরজুড়ে চলছে নানা আলোচনা ও রাজনৈতিক হিসাব-নিকাশ। একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচন নিয়েও রয়েছে তীব্র আগ্রহ।

কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শওকত আলী বকুল প্রশাসক পদে দায়িত্ব নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং বিগত আওয়ামী সরকার আমলে হামলা মামলায় বহু নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, শত ত্যাগের বিনিময়ে শেষ বয়সে তিনি এই পদে সম্মান প্রত্যাশা করেন।

বকুল জানান, তার পরিবারও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তার ছেলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ- ছাত্রী বিষয়ক সম্পাদক এবং চকসু নির্বাচনের প্রার্থী ছিলেন।  পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে ওতোপ্রোতভাবে জড়িত।

রাজনৈতিক সূত্র বলছে, নির্বাচনের আগে যদি নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়, তবে বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত নেতাদের মধ্য থেকেই কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। কারণ, ইতোমধ্যে দেশের ছয়টি সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা বিএনপি ঘরানার।

বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত সচিব মো. শাহআলম। এদিকে, ২৭টি ওয়ার্ডের প্রায় ২ লাখ ৩০ হাজার ভোটার নির্বাচনের ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

নগরবাসীর মতে, যানজট ও জলাবদ্ধতা কুমিল্লা শহরের সবচেয়ে বড় সমস্যা। এসব সংকট সমাধানে দূরদর্শী, পরিকল্পনাসম্পন্ন ও জনবান্ধব নেতৃত্বই এখন তাদের প্রধান প্রত্যাশা।

প্রিন্ট করুন