প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় বিপি দিবসে রোভার স্কাউটদের প্রাণবন্ত আয়োজন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন ও বিপি দিবস উপলক্ষে র‌্যালি, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি জেলা রোভারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার ও গার্ল ইন রোভার স্কাউটরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন। সভাপতিত্ব করেন ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মো: মোস্তাক আহমেদ। আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো: আবু তাহের, কুমিল্লা জেলা স্কাউটসের কমিশনার ও কুটুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুল কবির, জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: মাঈনুদ্দীন খন্দকারসহ বিভিন্ন কলেজ ও প্রতিষ্ঠানের রোভার স্কাউট লিডাররা।

বক্তারা বলেন, বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল যুব সমাজকে সৎ, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশ স্কাউটস সেই আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তাদের মতে, স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি জীবনদর্শন—যেখানে প্রকৃত স্কাউটরা দেশের উন্নয়ন, সমাজের কল্যাণ এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, ক্যান্টমেন্ট কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট, বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, সোনার বাংলা কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ও গার্ল ইন রোভার স্কাউটরা।

প্রিন্ট করুন