প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেফতার বিপুল মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে স্বর্ণালংকার, নগদ টাকা, অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে তিতাস উপজেলার উজিরাকান্দি এলাকায় মোসা. নাছরিন আক্তারের বসতঘরে তালা ভেঙে প্রবেশ করে ডাকাত দল। এ সময় তাকে হাত-পা বেঁধে মারধর ও মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিতাস থানায় মামলা নম্বর ১৪, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোডে মামলা রুজু হয়।

একই রাতে তিতাস উপজেলার কাকিয়াখালী এলাকায় মঞ্জুরা বেগমের বাড়িতেও ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ ঘটনায় তিতাস থানায় মামলা নম্বর ১৫ রুজু করা হয়।

 

উক্ত দুই মামলার প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার সার্কেল)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দাউদকান্দি মডেল থানা ও তিতাস থানার যৌথ টিম অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, জীবন মিয়া, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নাসির, আবু তাহের, জামাল, কুদ্দুস, হানিফ, ওবাইদুল, সৌরভ হোসেন, জহির, মকবুল হোসেন ও কামাল। তাদের বিরুদ্ধে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে।

 

উদ্ধারকৃত মালামাল, স্বর্ণের চেইন, কানের দুল, সিটিগোল্ডের চুড়ি ও বেসলাইট, রূপার নূপুর, ডিজিটাল ক্যামেরা, টর্চ লাইট, ব্লেন্ডার মেশিন, রাউটার ও চার্জ লাইট কাঠের বাটযুক্ত ছুরি, কাটার, লোহার শাবল ও রড মুখোশ, হাফ প্যান্ট, ট্রাভেল ব্যাগ, বেডশিট ও বালিশের কভার বিভিন্ন ব্র্যান্ডের দুধের কৌটা ও প্যাকেট বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন ২টি সিএনজি অটোরিকশা নগদ ৩৭ হাজার ২৪৭ টাকা।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন