কুমিল্লার দেবিদ্বারে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। মাত্র ৫০ হাজার টাকার লোভে নিজের ২৭ দিনের কন্যাশিশুকে দত্তক দিয়ে পরে অপহরণের নাটক সাজান মা আকলিমা বেগম।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আকলিমা বেগম তার শিশু হাফসাকে চিকিৎসার নামে উপজেলা সদর এলাকায় নিয়ে যান। সেখানে এক নিঃসন্তান দম্পত্তির কাছে শিশুটিকে মাত্র ৫০ হাজার টাকায় বাকিতে দত্তক দেন। এরপর তিনি সাবের বাজার এলাকায় গিয়ে অচেতন হয়ে পড়েন এবং স্থানীয়দের কাছে জানতে চান তার সন্তান কোথায়। বিষয়টি প্রথমে অপহরণ হিসেবে ধরা হলেও পুলিশের তদন্ত ও সিসি ক্যামেরার ফুটেজে বেরিয়ে আসে আসল রহস্য।
প্রায় ৩৫ ঘণ্টা পর শুক্রবার রাতে দত্তক নেওয়া দম্পত্তি আবু সাঈদ ও তার স্ত্রী শিশুটিকে পুলিশের মাধ্যমে মায়ের কাছে ফিরিয়ে দেন। শিশুর মা আকলিমা বেগম স্বীকার করেন, ‘‘আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি বুঝতে পারিনি।’’ তিনি জানান, হাসপাতালের এক নার্স তাকে প্ররোচিত করেছিলেন শিশুটিকে বিক্রি করতে।
শিশুর বাবা মো. কামাল হোসেন বলেন, ‘‘আমি দিনমজুরে কাজ করে সন্তানদের লালন-পালন করি। আমার সংসারে অভাব নেই। আমাকে যদি ৫ লাখ টাকাও দেয় তবুও আমি আমার মেয়ে বিক্রি করব না।’’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘‘শিশুটির মা স্বেচ্ছায় সন্তানকে বিক্রি করে অপহরণের নাটক সাজায়। আমরা প্রথম থেকেই বিষয়টি সন্দেহ করি। পরে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য বিশ্লেষণ করে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।’’
এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, কোনো মা তার সন্তানকে বিক্রি করতে পারে না। এটি সমাজের জন্য একটি সতর্কবার্তা।

নিজস্ব প্রতিবেদক :