রোমানিয়ার ভিসার নামে নেপাল নিয়ে অভিনব প্রতারণা ; ভুক্তভোগী শাকিলের আহাজারি
ইউরোপের উন্নত দেশ রোমানিয়ার ভিসা, মোটা অংকের বেতনের চাকরি এবং বিলাসী জীবনের প্রলোভন দেখিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে একটি পরিবারের কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ শাকিল আদালতে মামলা দায়ের করেছেন।
প্রতারণার শুরু যেভাবে :
মামলা সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে মোঃ শাকিলকে ইউরোপের দেশ রোমানিয়ায় দেড় লক্ষ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখায় একই এলাকার আশিয়াদারি গ্রামের রায়হান। রায়হানের বাবা বাচ্চু মিয়া ও মা শিরিন আক্তারও এই চাকরির নিশ্চয়তা দেন। তাদের কথায় বিশ্বাস করে শাকিল গত বছরের ১০ এপ্রিল ৪ লক্ষ টাকা ও পাসপোর্ট প্রদান করেন।
নেপাল নিয়ে অভিনব নাটক:
পরবর্তীতে ভিসার প্রসেসিংয়ের কথা বলে শাকিলকে নেপাল নিয়ে যাওয়া হয়। সেখানে রায়হান জরুরি ভিত্তিতে আরও ৩ লক্ষ টাকা দাবি করে। শাকিলের পরিবার ধার-দেনা করে রায়হানের দেওয়া একাউন্টে সেই টাকা পাঠায়। এভাবে ধাপে ধাপে বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে মোট ১২ লক্ষ টাকা হাতিয়ে নেয় রায়হান। টাকা পাওয়ার পর থেকেই রায়হান গা ঢাকা দেয় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।
ভুক্তভোগীর আহাজারি :
শাকিল জানান, “ইউরোপ যাওয়ার স্বপ্নে আমি আমার সহায়-সম্বল সব হারিয়েছি। রায়হান শুধু আমার সাথেই নয়, এলাকার আরও অনেকের কাছ থেকে সৌদি আরব ও ইউরোপের নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।” গত ১৬ জানুয়ারি শাকিল রায়হানের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নিরুপায় হয়ে শাকিল এখন আদালতের দ্বারস্থ হয়েছেন।
এলাকাবাসীর দাবি :
স্থানীয়রা জানান, রায়হান একজন পেশাদার প্রতারক। এর আগেও সে বিদেশ নেওয়ার কথা বলে অনেকের টাকা আত্মসাৎ করেছে। তদন্ত সাপেক্ষে রায়হানকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইমরান হোসেন :