স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ও সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে কুমিল্লা বাঁচাও মঞ্চ আজ কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে।
১৯৬৭ সালের ২ সেপ্টেম্বর টমছমব্রীজ কবরস্থানে এই বরেণ্য সঙ্গীতগুরুকে দাফন করা হয়। অভিযোগ উঠেছে, সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন কবরটি দ্বিখণ্ডিত করে অন্য একজনের নাম ব্যবহার করে পাকা নির্মাণ করেছে এবং সেখানে দুটি নামফলক স্থাপন করেছে। অথচ উক্ত স্থানে কেবলমাত্র আয়েত আলী খাঁর কবর রয়েছে। এভাবে কবর দ্বিখণ্ডিত করা ও অন্য নামফলক সংযুক্ত করাকে ইতিহাস বিকৃতি ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
এ ঘটনার প্রতিবাদে এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবিতে আজ স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও এর অনুলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে দ্রুত তদন্ত করে কবরের প্রকৃত অবস্থা পুনর্বহাল, ইতিহাস বিকৃতির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বরেণ্য এই সঙ্গীত সাধকের কবর যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন স্বপন, ২নং ওয়ার্ডের আহবায়ক লেকচারার এন. এ. আলীম লিটন, সদস্য সচিব মো. আরিফুর রহমান আব্দুল্লাহ, ৩ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক জাকির খান, ৪ নং ওয়ার্ডের সরদার আমিনুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের আহবায়ক শিপন মালদার, যুগ্ম আহবায়ক রিংকু, শিরোনাম পত্রিকার সাংবাদিক মো. মাহবুব হোসেন, এনসিপি কুমিল্লার মুখ্য সমন্বয়ক বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক :