কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন আগামী দিনের মুরাদপুরের স্বপ্নবাহী কাউন্সিলর প্রার্থী ও যুবদল নেতা নাদের আহমেদ বাপ্পি।
শুক্রবার বিকেলে নগরীর মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উৎসবমুখর পরিবেশে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এলাকার অসহায়, গরীব ও মেহনতি মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি তার বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির সবচেয়ে বড় সৌন্দর্য। নাদের আহমেদ বাপ্পির এই মানবিক ও মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জেলা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
কাউন্সিলর প্রার্থী নাদের আহমেদ বাপ্পি বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি এবং এলাকার অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
ঈদ উপহার হিসেবে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। উপহার পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত এক নারী নেত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ঈদকে ঘিরে এমন মানবিক উদ্যোগ মুরাদপুর এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে আনন্দ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে।

রুহুল আমিন চৌধুরী সুমন