কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আন্তঃস্কুল-কলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)। এ আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫৬টি দল অংশগ্রহণ করবে।
শুক্রবার (৬ মার্চ) সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন ও সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল ফেসবুকে একটি ইভেন্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।
আয়োজক সূত্রে জানা যায়, আগামী ১১ এপ্রিল ২০২৬ আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি রাউন্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে মোট ২৪টি দল অংশ নেবে।
অন্যদিকে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। চারটি রাউন্ডে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করবে।
কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সিওইউডিএস বিতর্ক চর্চাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা বিভিন্ন আঞ্চলিক, জাতীয় ও টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করলেও এতদিন বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবার সেই আয়োজন বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে ৩২টি বিশ্ববিদ্যালয় ও ২৪টি স্কুল-কলেজের দল অংশ নেবে। এই আয়োজনের মাধ্যমে বিতর্ক চর্চার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনামও আরও ছড়িয়ে পড়বে বলে আমরা আশাবাদী।
সংগঠনের সভাপতি সাদিয়া আফরিন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগে কখনো জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করা হয়নি। একজন বিতার্কিক হিসেবে বিষয়টি আমাদের কাছে বড় অপ্রাপ্তি ছিল। তবে বিশ্ববিদ্যালয় থেকে বিদায়ের ঠিক আগ মুহূর্তে যেন এক স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। সংগঠনের সিনিয়র, মডারেটর ও বিতার্কিকদের সম্মিলিত উদ্যোগে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করা সম্ভব হয়েছে। আগামী ১৭ ও ১৮ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাক্ষী হতে যাচ্ছে দেশের অন্যতম বড় বিতর্ক আয়োজনের। এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

কুবি প্রতিনিধি