কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া কালি বটগাছ তলা কালীমন্দির এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন মুসলিম পথচারীও রয়েছেন।
শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়া কালীমন্দিরে শনি পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা সমবেত হলে এ ঘটনা ঘটে। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা মন্দিরের পাশে ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরের পুরোহিতসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজনের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান। তিনি ঘটনাটির নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, ঈদকে সামনে রেখে মন্দিরে এ ধরনের হামলা একটি পরিকল্পিত নাশকতা হতে পারে। উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে একই মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে তাজা থাকায় নতুন এ ঘটনার পর এলাকায় আবারও আতঙ্ক বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক