ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এইচএসসি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী পাস করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন স্বাক্ষরিত এক নোটিশে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, পাঠদানসহ কলেজ শাখার একাডেমিক স্বীকৃতি (প্রযোজ্য ক্ষেত্রে) স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল অত্যন্ত হতাশাজনক হওয়ায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১৩টি কলেজ শাখাকে এই স্থগিতাদেশের আওতায় আনা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজটির এ ধরনের ফলাফলে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের ফলাফল ভালো করার জন্যই শিক্ষা বোর্ড কঠোর পদক্ষেপ নিয়েছে।
এ বিষয়ে জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সঞ্জয় শীল, ব্রাক্ষনবাড়িয়া সংবাদদাতা